মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক নেতা আবদুল আলীমের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায়ে দলটি কোন প্রতিক্রিয়া জানায়নি। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার সাংবাদিকদের জানান, দলীয় ফোরামে আলোচনা করে পরে এ বিষয়ে জানানো হবে।
এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ রায় ঘোষণার ২ দিন পর দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, সালাহউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি।
