নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনও আলাপ-আলোচনার সুযোগ রয়েছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন নিয়ে জাতির সামনে যে অনিশ্চয়তা আছে তা ‘পরিষ্কার’ করবেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ১৩ অক্টোবর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে। সভায় উনি (প্রধানমন্ত্রী) একটা আউটলাইন দিতে পারেন। বিএনপি না এলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, এটা সময় এলেই জানতে পারবেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য তারা কাজ করছে। প্রধান বিরোধী দলের সঙ্গেও তারা কথা বলেছে। তবে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না বলে অনড় রয়েছে।
এর আগে খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় সংসদে এ আইন পাস করায় মার্কিন রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানান।
