বিপ্লবী সঙ্গীতে চে’কে স্মরণ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২২:৫৯
চে গুয়েভারার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘চে সংহতি’ গতকাল বুধবার আয়োজন করেছিল স্মরণ অনুষ্ঠানের। ২০০৮ সাল থেকে ‘চে সংহতি’ চে মৃত্যুদিবসটিকে স্মরণ করে আসছে। এতে আলোচনা করেন প্রাবন্ধিক মফিদুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ। চে’র স্মরণে বিপ্লবী সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার, সাজেদ ফাতেমী ও সঙ্গীত সংগঠন মৃত্তিকা’র শিল্পীরা। আবৃত্তি করেন শিমুল মুস্তাফা ও জাহীদ রেজা নূর। সমবেত গানে অংশ নেন উদীচী ও মৃত্তিকার শিল্পীরা। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার বাংলাদেশে সাহিত্যের বিকাশ, প্রসার ও সৃজন ধারাকে গতিশীল করার লক্ষ্যে এবং তরুণদের সাহিত্য চর্চা ও সাধনাকে উত্সাহিত করার জন্য আন্তর্জাতিক ব্যাংক ‘এইচএসবিসি-কালি ও কলম’ তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩-এর জন্য বই আহ্বান করেছে। গতকাল বুধবার বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা পুরস্কারের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। এতে এইচএসবিসির প্রধান নির্বাহী এ্যান্ডু টিল্ক, কমিউনিকেশন বিভাগের প্রদান তালুকদার নোমান আনোয়ার, কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী এবং সম্পাদক আবুল হাসনাত বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, ২০১৩ সালে এইচএসবিসি-কালি ও কলম বাংলাদেশের তরুণ লেখকদের পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করবে। পাঁচটি বিভাগের প্রতিটি ক্ষেত্রে এক লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো- কবিতা, ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ এবং গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বা প্রবন্ধ এবং শিশু ও কিশোরদের জন্য রচিত কবিতা, গল্প ও উপন্যাস। পুরস্কারের জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশের নাগরিক ও বিদেশে বসবাসরত বাংলাদেশি কবি ও লেখকদের রচিত মৌলিক সাহিত্যকর্ম বিবেচিত হবে। ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। পূর্বে এই পুরস্কারপ্রাপ্ত লেখকের রচিত গ্রন্থ, অনুবাদকর্ম এবং পুরস্কারের যে-কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচিত গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না। ২২ ডিসেম্বর রবিবার কালি ও কলম দফতরে (বেঙ্গল সেন্টার, প্লট ২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, পোস্ট-খিলক্ষেত, ঢাকা ১২২৯) পাঁচ কপি বই জমা দিতে হবে। সেইসঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য উপস্থাপন করা হচ্ছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের অনুলিপি প্রেরণ করতে হবে। ২০১৪ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার পাঁচটি প্রদান করা হবে। উল্লেখ্য, এইচএসবিসি ও মাসিক সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে। এ পর্যন্ত সতেরো জন লেখক এই পুরস্কার পেয়েছেন। শিল্পকলা একাডেমীতে যন্ত্রসংগীতের অনুষ্ঠান আজ ‘ডিজিটাল প্রযুক্তিতে সংস্কৃতির ভৌত সুবিধাদি সন্নিবেশকরণ শীর্ষক কর্মসূচি এবং ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে যন্ত্রসংগীতে ঐকতান (অর্কেস্ট্রা) সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি ইমাম। বিশেষ অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার এবং এসএ টিভির প্রধান নির্বাহী ও চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।