ব্যস্ততা মানুষকে অনেক সময় অনেক কিছু ভুলিয়ে দিতে পারে। এমনকি মা-বাবার সবচেয়ে প্রিয় সন্তানও এর আওতায় পড়তে পারে। তাই ঘটেছে। দুবাই বিমানবন্দরে এক দম্পতি বিমানের ফ্লাইট ধরতে সন্তানকে গাড়িতে রেখে চলে যান!
দুবাইয়ে অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল খলিল ইব্রাহিম আল মনসুরি জানান, এক দম্পতি ট্যাক্সিতে বিমানবন্দরে পৌঁছান। বিমানের ফ্লাইটের কিছুক্ষণ বাকি ছিল। তড়িঘড়ি করে তারা দুই নাম্বার টার্মিনালে চলে যান। সেখানে তারা তাদের পাসপোর্ট, ভিসা দেখান এবং নিজেদের ট্রলি তল্লাসি করান। কিন্তু তারা ভুলে যান তাদের পাঁচ মাস বয়সী সন্তানের কথা। অবশেষে কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরায় দেখে গাড়িটি শনাক্ত করেন। পরে গাড়িটি ফেরত আনা হয়। পেছনের সিটে থাকায় ট্যাক্সি চালকও কিছু জানতেন না। বিমানবন্দরে বাচ্চাটিকে যখন তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয় তখনও সে ঘুমাচ্ছিল। -এনডিটিভি
