রাজধানীর ২০টি হাটেই পশু আসা শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০১
রাজধানীর ২০টি হাটেই কোরবানির পশু আসতে শুরু করেছে। পশু ব্যবসায়ীরা হাটের মধ্যে নিজেদের বাথানে ট্রাক থেকে পশু নামিয়ে সারি সারি ভাবে বেঁধে রেখেছে। ডিসিসির নির্দেশনা অনুযায়ী কোরবানির ঈদের তিনদিন আগে রাজধানীর পশুর হাটগুলো চালু করতে হবে। তবে হাটে পশু আসা শুরু করায় ব্যবসায়ীরা আশা করছেন আগামীকাল ছুটির দিন থেকে হাট জমে উঠবে। এসব হাটের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। হাটে জাল টাকার ছড়াছড়ি রোধ করতে ২২টি ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হয়েছে। অন্যান্য বছরের মত এবারও কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন বসবে। জানা গেছে, চাহিদার প্রেক্ষিতে এবার অস্থায়ী পশুর হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। ডিসিসি দক্ষিণে ১০টি অস্থায়ী পশুর হাট বসছে। হাটগুলো হলো জিগাতলা হাজারীবাগ খেলার মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খোলা জায়গা, গোলাপবাগ খেলার মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, উত্তর শাজাহানপুর রেলওয়ে খেলার মাঠ, ধুপখোলা মাঠ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলার মাঠ এবং পোস্তগোলায় খালি জায়গা। ডিসিসি উত্তরে এবার ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে উত্তরা আজমপুর প্রাইমারি স্কুলের মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা সংলগ্ন খালি জায়গা, বনানী রেলস্টেশন সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তি সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং সংলগ্ন খেলার মাঠ এবং বারিধারা জে ব্লক বাইপাস সংলগ্ন খালি জায়গা (সাবেক নুরের চালা মাঠ), রামপুরা আফতাব নগর প্রকল্প। এছাড়াও রাজধানীর সর্ববৃহত্ গাবতলী পশুর হাটও থাকছে কোরবানিতে। এসব পশুর হাটের হাসিল শতকরা ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার রামপুরার আফতাব নগর প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটে পশু আসতে শুরু করেছে। হাট ইজারাদাররা হাটে মাইক বসিয়ে মাইকিং করছে। তাছাড়া আশপাশের দোকান ও ফুটপাতে পশুখাদ্য বিক্রি শুরু হয়েছে। এ হাটে আসা পশু ব্যবসায়ী আজমত বলেন, তিনদিন আগে হাট শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার থেকে বেচা কেনা শুরু হবে। তিনি বলেন, এবার গরুর দাম গত বছরের মতই থাকবে। খুব একটা বেশি হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর গাবতলী গবাদি পশুর হাটের দায়িত্ব দেয়া হয়েছে সোনালী, পূবালী, উত্তরা ও এবি ব্যাংককে। উত্তরা আযমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের পশুর হাটের দায়িত্ব দেয়া হয়েছে ন্যাশনাল ও অগ্রণী ব্যাংককে। খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায় বসানো পশুর হাটের দায়িত্ব পেয়েছে দি সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক। আগারগাঁও বস্তির খালি জায়গার হাটের দায়িত্বে থাকবে আইএফআইসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বনানী কাকলি রেলওয়ে স্টেশন সংলগ্ন খালি জায়গার দায়িত্ব থাকবে আইসিবি ও প্রাইম ব্যাংক। উত্তরা-১১ নং সেক্টরের সোনারগাঁও জনপথ সংলগ্ন হাটের দায়িত্বে পেয়েছে সাউথইস্ট ও ঢাকা ব্যাংক। তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন হাটের দায়িত্বে আল-আরাফাহ ও সোস্যাল ইসলামী ব্যাংক। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠ হাটের দায়িত্বে ডাচ্-বাংলা ও মার্কেন্টাইল ব্যাংক। বারিধারা জে-ব্লকের রাস্তার পাশের হাটের দায়িত্বে স্ট্যান্ডার্ড ও ওয়ান ব্যাংক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঝিগাতলা হাজারীবাগ মাঠের এক্সিম ও এইচএসবিসি, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠে বাংলাদেশ কমার্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে রূপালী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাদেক হোসেন খোকা মাঠে প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংক এশিয়া, গোলাপবাগ মাঠের পাশে সিটি করপোরেশন আদর্শ স্কুল মাঠ ও আশপাশে ডিসিসির খালি জায়গায় ট্রাস্ট ও ইস্টার্ন ব্যাংক জাল টাকা শনাক্তকরণের মেশিন বসাবে। অন্যদিকে আরমানিটোলা খেলার মাঠের দায়িত্বে থাকবে যমুনা ও ব্র্যাক ব্যাংক, শাজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠের দায়িত্বে স্ট্যান্ডার্ড ও বেসিক ব্যাংক, ধুপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠের দায়িত্বে থাকবে হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গার দায়িত্বে সিটি ব্যাংক এন.এ ও ব্যাংক আল ফালাহ এবং সিটি করপোরেশনের বাইরে শনির আখড়ায় সোনালী ব্যাংক ও বিডিবিএল, শ্যামপুরে জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর দায়িত্বে থাকবে।