বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল বুধবার অল্পের জন্য র্দুঘটনা থেকে রক্ষা পেয়েছে। ১৩৬ জন যাত্রী নিয়ে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ সকাল ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর আগে ঐ উড়োজাহাজের ইঞ্জিনের মধ্যে একটি পাখি ঢুকে পড়ে। উড্ডয়নের পর ক্যাপ্টেন ইঞ্জিনের ঝাঁকুনি অনুভব করেন। সাথে সাথে ক্যাপ্টেন দুর্ঘটনার আশঙ্কায় ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। উড্ডয়নের ১৫ মিনিট পর ফ্লাইটটি বিমান বন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করে। পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রাথমিক পরীক্ষা করে দেখেন, ঐ উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢোকার কারণে চারটি ফ্যান ব্লেড ভেঙে গেছে। উড়োজাহাজটি উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে। যাত্রীদেরকে দুপুরে অন্য একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
বিমানের একজন কর্মকর্তা জানান, ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকে পাখা ভেঙে যাওয়ার এই ঘটনায় ইঞ্জিনে আগুন ধরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
