বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনসুর আলম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি এইচএন আশিকুর রহমানকে রাজাকার আখ্যায়িত করায় গত ২৭ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলী আখতার জাহাঙ্গীর হোসেন ওরফে তুহিনের দায়ের করা মামলায় গতকাল বুধবার এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ‘রাজাকারের উকিল নোটিস’ শিরোনামে খোলা কলম বিভাগে কাদের সিদ্দিকীর একটি লেখা প্রকাশিত হয়। ওই লেখায় বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আওয়ামী লীগ নেতা এইচএন আশিকুর রহমান টাঙ্গাইলের ডিসি ছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তুহিনের মামলার আরজি অনুযায়ী আশিকুর রহমানকে ওই সময় গ্রেফতার করা হয়নি। ১৯৭১ সালের আগষ্ট/সেপ্টেম্বরের দিকে তিনি পশ্চিম পাকিস্তান থেকে বদলি হয়ে এডিসি হিসেবে টাঙ্গাইলে আসেন এবং ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পালনকালে স্বাধীনতা যুদ্ধের অনুকূলে ভূমিকা রাখেন।
