বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুইন বলেছেন, সংঘাতের চেয়ে সংলাপ উত্তম। রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রতি সবার মনোযোগী হওয়া দরকার। বাংলাদেশের বন্ধু হিসেবে কি করা উচিত বা কি করা উচিত নয় সে ব্যাপারে আমার কিছু বলা উচিত হবে না। কেবল বলতে পারি সংলাপ সংঘাতের চেয়ে অনেক অনেক ভাল। রাজনৈতিক সংলাপের যে কোন উদ্যোগকে আমরা উত্সাহ যোগাই। এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণই ভাল করে জানেন এমন পরিস্থিতিতে কি করা প্রয়োজন।
চীনা রাষ্ট্রদূত গতকাল বুধবার ঢাকার এক অনুষ্ঠানে একথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) ‘চীনের দক্ষিণমুখী ও বাংলাদেশের পূর্বমুখী নীতিঃ সমধর্মিতা ও সীমাবদ্ধতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন চায়না সেন্টার ফর কনটেম্পরারি ওয়ার্ল্ড স্টাডিজের ডেপুটি ডিরেক্টর ড. হু হাও ও আইজিএস এর গবেষণা ফেলো শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান ও মুন্সী ফয়েজ আহমেদ, ড. মঈনুল ইসলাম মাহমুদ, প্রফেসর আমেনা মহসীন, প্রফেসর দেলোয়ার হোসেন প্রমুখ।
চীনা রাষ্ট্রদূত প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রমশ সম্প্রসারণশীল চীন-বাংলাদেশ সম্পর্ক এই অঞ্চলের পারস্পরিক স্বার্থ ও কল্যাণের জন্য সহায়ক। চীন সব ক্ষেত্রেই বাংলাদেশের সম্পর্ককে আরো গুরুত্ব দিচ্ছে। আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও চীন একযোগে কাজ করতে পারে।
