প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
চট্টগ্রাম উন্নয়নের এক ডজন প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। আগামী ১২ অক্টোবর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে তার সরকারের আমলে করা সকল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। মহানগরীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী ঐদিন দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় এক জনসভায় বক্তব্য রাখবেন। এটিই বর্তমান সরকারের মেয়াদে চট্টগ্রামে তার শেষ সফর হিসাবে মনে করা হচ্ছে। শেখ হাসিনা বিগত নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন বলে একাধিক সভা-সমাবেশে ঘোষণা করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর নিকট দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। বর্তমান সরকারের সময়ে শুধু চট্টগ্রাম শহরে নয়, পুরো চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতে, উন্নয়ন প্রকল্প ও দক্ষিণ চট্টগ্রামের জনসভা আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই সরকারিভাবে এবং দলীয়ভাবে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। দক্ষিণ চট্টগ্রামে জনসভা হলেও পুরো চট্টগ্রামসহ আশপাশের এলাকার লোকজনের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।