অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন

বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেলের ধন্যবাদ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০৩
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল পাস হওয়ায় এবং এর ফলে বহু বিতর্কিত অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল বাতিল হয়ে যাওয়ায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেলভুক্ত ৯টি সংগঠনের নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, সংসদে এই বিল পাস করা একটি ঐতিহাসিক ঘটনা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে এই বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ‘খ’ তফসিলের গেজেট বাতিলের ফলে লক্ষ লক্ষ পরিবার হয়রানি ও সামপ্রদায়িক বৈষম্যের দুর্ভোগ থেকে রক্ষা পাবেন। এছাড়া সংশোধিত তালিকা প্রকাশের নামে নতুন করে যেসব সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে তাও বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড. সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাড. তবারক হোসেইন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম। - প্রেস বিজ্ঞপ্তি