পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জামিন মঞ্জুর করেছে আদালত। এতে করে গৃহবন্দিত্ব থেকে মুক্তির পথে একধাপ এগিয়ে গেলেন তিনি। সুপ্রিম কোর্টের একটি রায়ে বুধবার বলা হয়েছে, জামিনের আবেদন গ্রহণ করা হয়েছে। জামিনের দুটো বন্ডের জন্য এক লাখ রুপি করে জমা দিতে হবে। খবর রয়টার্সের।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা নবাব আকবর বুগতি হত্যা মামলায় মোশাররফ এ জামিন পেলেন। এ মামলায় বেলুচিস্তানের হাইকোর্ট মোশাররফের জামিন নাকচ করলে তিনি এর বিরুদ্ধে আপিল করেন।
পরে সুপ্রিম কোর্টের দুই বিচারকের বেঞ্চ এ আবেদনের শুনানির পর ওই রায় দেয়। বুগতি হত্যা মামলায় মোশাররফের জড়িত থাকার উপযুক্ত কোনো তথ্যপ্রমাণ না পেয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছে বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা।
বুগতি হত্যা মামলা ছাড়াও মোশাররফের বিরুদ্ধে ঝুলে আছে বেনজির ভুট্টো হত্যা মামলাসহ আরো মামলা। এ সমস্ত মামলার কারণে ছয়মাসেরও বেশি সময় ধরে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
