ড. এম এ ওয়াজেদ মিয়ার মত আলোকিত মানুষ প্রয়োজন

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:১২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্মে, ঘরে ঘরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মত আলোকিত মানুষ প্রয়োজন। পীরগঞ্জের মাটিতে জন্ম নিয়ে বিশ্বে দ্যুতি ছড়িয়েছেন এমএ ওয়াজেদ মিয়া। নিজে আলোকিত হয়েছেন এবং আলোকিত করেছেন দেশের মানুষকে। গতকাল শনিবার পীরগঞ্জের সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে ড. এমএ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় পীরগঞ্জেও উন্নয়নের সুফল পৌঁছে যাচ্ছে। ইফতারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এর আগে স্পিকার লালদীঘির ফতেহপুরে প্রয়াত পরমাণু বিজ্ঞানীর কবর জিয়ারত করেন। পরে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, বেকার যুবক-যুব মহিলাদের তিনমাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।