পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশন, যশোরের চৌগাছার এসএম সুলতান চারুকারু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
পরে শিশুস্বর্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওছারের সভাপতিত্বে শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় অংশ নেন সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, এডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ। এসময় জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার শীল, চিত্রশিল্পী বলদেব অধিকারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
