বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য চলাচল নয় দিন বন্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:২৩
ঈদুল আজহা, শারদীয় দুর্গোত্সব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নয় দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার ১০ অক্টোবর থেকে এই বন্ধ শুরু হয়েছে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মহসিন মিলন জানান, ১৯ অক্টোবর থেকে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে। ভারতের পেট্রাপোল বন্দরের রফতানিকারক আব্দুল খালেক জানিয়েছেন, এবার দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ১০ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নয় দিন ভারতে সরকারি ছুটি থাকছে। এ সময় পেট্রাপোল বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ব্যাপারে বেনাপোল স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, পূজার মধ্যে এবং সাপ্তাহিক ছুটিতে বন্দরের কার্যক্রম চলতে পারে। তবে এ ব্যাপারে এখনো কোন সরকারি নির্দেশনা আসেনি। বাংলাবান্ধা স্থলবন্দর ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ১১ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ও ভারতে দূর্গাপুজা ও ঈদ-উল-আজহার ছুটি থাকায় গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে মালামাল আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।