গভীর সাগরে ঘূর্ণিঝড় ‘পাইলিন’ ২ নম্বর সতর্কতা সংকেত

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৩৪
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘পাইলিন’ সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলো মিটার দক্ষিণ, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলো মিটার দক্ষিণ এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলো মিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলো মিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুব উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।