খুলনায় সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে নিহত ৪

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৩৪
নগরীর কেডিএ এভিনিউয়ের আলীশান মোড়ে একটি নির্মাণাধীন ভবনের আন্ডার গ্রাউন্ড সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে গতকাল বৃহস্পতিবার তিন শ্রমিকসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন- শ্রমিক ইমরান (২০), নজরুল (২২), রমজান আলী (৩০) ও স্থানীয় উদ্ধারকারী শাওন (২৫)। পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্মাণাধীন ১৬ তলা ভবনের আন্ডার গ্রাউন্ডের সেফটি ট্যাংকিতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে। এর মধ্যে ইমরান ও নজরুল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরেক শ্রমিক রমজান ও স্থানীয় উদ্ধারকারী শাওন মারা যান। উদ্ধারকর্মী খুলনা সদর ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, নিহত চারজনই সেফটি ট্যাংকির মধ্যে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ছাড়াও বিদ্যুত্স্পৃষ্ট হয়। ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশন অফিসার জানান, সেফটি ট্যাংকির ভিতর থেকে অচেতন অবস্থায় ওই শ্রমিকদের উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কাজ করার সময় বিষাক্ত গ্যাসে ওই চারজনের মৃত্যু হয়েছে।