ক্যাডারভুক্তির দাবিতে রাজপথে সহস্রাধিক চিকিত্সক

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:১৪

স্বাস্থ্য ক্যাডার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিত্সকরা। গত ১২ মে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সমানে প্রায় আড়াই হাজার চিকিত্সক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ডে ছিল ‘সবাই শোনে ডাক্তার নেই, আমরা শুনি পদ নেই’, ‘পিতা দিয়েছেন প্রথম শ্রেণির সম্মান, কন্যা দেবেন ক্যাডার সম্মান’, ‘আমরা যোগ্য চিকিত্সক, ক্যাডারভুক্তি করতে হবে’ প্রভৃতি স্লোগান।

আন্দোলনরত চিকিত্সকদের অভিযোগ, ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় ৩৮ হাজার চিকিত্সক অংশগ্রহণ করেন। এদের মধ্যে আট হাজার ৩৬০ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অর্জন করলেও শূন্যপদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ মাত্র চার হাজার ৫০০ জনকে ক্যাডার করে বাকিদের নন-ক্যাডার করা হয়েছে। তাদের দাবি, পদ সৃজন না থাকার অজুহাতে লিখিত-মৌখিক পরীক্ষায় যোগ্যতার পরিচয় দিলেও আমাদের নন-ক্যাডার করা হয়েছে। আমাদের ক্যাডারভুক্তি করে দেশের যেকোনো স্থানে নিয়োগ দিলে সেখানে গিয়ে আমরা চিকিত্সা সেবা দেব। ক্যাডারভুক্তি না করা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলনকারী চিকিত্সকরা বলেন, দেশে ১০৫টি মেডিক্যাল কলেজে ২৫ হাজার ৩০০ জন শিক্ষক প্রয়োজন থাকলেও সেখানে মাত্র ৯ হাজার ৫০৩ জন শিক্ষক রয়েছেন। ৬৩ শতাংশ শিক্ষক সংকট রেখেই মেডিক্যাল কলেজে পড়ালেখা চলছে।

দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিত্সকরা। তারা বলেন, সেখানে গিয়ে আন্দোলনে যুক্ত হওয়া সকলের গণস্বাক্ষর নেওয়া হবে। সেই গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দেয়া হবে।