চুয়াডাঙ্গায় শিবির-পুলিশ সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৪৬
পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্নস্থানে গতকাল বৃহস্পতিবার সহিংস হয়ে উঠে শিবির কর্মীরা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্প শহর দর্শনায় শিবির-পুলিশ সংঘর্ষে রফিকুল ইসলাম (১৯) নামে একজন নিহত হয়েছেন। নিহত রফিকুল নিজেদের কর্মী বলে দাবি করেছে শিবির। এ সময় শিবিরের হামলায় ৪ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বিকেলে দর্শনা পৌর এলাকায় শিবির মিছিল বের করে পাশের একটি পূজা মন্ডপের লাইট ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শিবিরের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট এবং পরে গুলি বর্ষণ করে। এ সময় রফিকুল নিহত হন এবং আরো দুইজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তিনজন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাজধানীর কমলাপুর ও মহাখালীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ৫ জন শিবিরকর্মীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্নস্থানে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অনেক এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি ভাঙচুর করেছে শিবির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর কমলাপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোঠা নিয়ে রাস্তায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবির কর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জন শিবির কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ১ বছর করে কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ মুহাম্মদ সিফাত (২২), শোয়েব আহম্মেদ (১৮), বোরহান উদ্দিন (২০), মুশফিকুর রহমান (২২) ও মো. ইলিয়াছ (২১)। মহাখালীতেও শিবির কর্মীরা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল সকাল ৯টার দিকে ছাত্র শিবিরের সভাপতির মুক্তির দাবিতে ৩০/৪০ জন শিবির কর্মী কমলাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে জড়ো হয়। এরপর তারা একটি ঝটিকা মিছিল বের করে। তারা মিছিল নিয়ে আরামবাগের দিকে যেতে থাকে। মিছিলকারীরা শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে। মিছিলের খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের বাঁধা দেয়। সঙ্গে সঙ্গে মিছিলকারীরা লাঠিসোঠা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তখন মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে পর পর ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আরামবাগ থেকে কমলাপুর পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় ১০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তখন শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে এজিবি কলোনি ও টিএন্ডটি কলোনির দিকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ৫ শিবির কর্মীকে। তাদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী জানান, পুলিশ ধাওয়া করে শিবিরের ৫ জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম গ্রেফতারকৃতদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া রাজধানীর মহাখালী ওয়্যারলেছ গেট এলাকায় মিছিল থেকে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। সকাল ৯টার দিকে হঠাত্ করে ২০/২৫ জন শিবির কর্মী ঝটিকা মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। মিছিলটি হোটেল জাকারিয়ার সামনে পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়। তখন শিবির কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ ২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুয়াডাঙ্গায় সংঘর্ষে একজন নিহত চুয়াডাঙ্গা থেকে আজাদ মালিতা ও মনিরুজ্জামান ধীরু জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা বাসস্ট্যান্ডে শিবিরের সঙ্গে পুলিশের সঙ্গে রফিকুল ইসলাম (২১) নামের একজন নিহত হয়েছেন। পাশের একটি পূজা মন্ডপের লাইট ভাঙচুর করেছে শিবিরকর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ (২০) ও শাকিলসহ (২২) ৩ জন শিবির কর্মীকে আটক করেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকাল সাড়ে ৩ টায় দর্শনা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল বের করে শিবিরকর্মীরা। তারা দর্শনা পূজা মন্ডপের দিকে গিয়ে পূজা মন্ডপের বেশ কয়েকটি লাইট ভাঙচুর করে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ঘটনাস্থলেই সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে রফিকুল ইসলাম নিহত হয়। আরো দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। রাজশাহীতে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ১০ আমাদের রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগরীতে গতকাল দুপুরে পুলিশের সঙ্গে ছাত্রশিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহত পুলিশের কনস্টেবল আলমগীর, রাফি, মেহেদী, নুরুজ্জামান ও শাহরিয়ারকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। আহত শিবির নেতাকর্মীরা অজ্ঞাত স্থানে চিকিত্সা নিচ্ছে বলে জানা গেছে। কুমিল্লায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা মহানগরীতে গতকাল ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এতে বাধা দিলে ওই মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বিপ্লব (২৪) নামে পুলিশের এক কনস্টেবল আহত হন। দোকানপাট বন্ধ হয়ে যায়। কোতয়ালী মডেল থানার এসআই সামছুজ্জামান জানান, মিছিল থেকে নিক্ষেপ করা ইটের আঘাতে পুলিশের কনস্টেবল বিপ্লব আহত হয়েছেন। ঝিনাইদহে পুলিশের উপর ককটেল নিক্ষেপ আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহে শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে দু’ পুলিশসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিসোটা নিয়ে শিবিরের সড়ক অবরোধ আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল সকালে প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিবিরের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের কয়েকটি স্থানে আগুন দিয়ে বিক্ষোভ করে তারা। একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করতে থাকে। ওই সময়ে বিক্ষোভকারীরা মহাসড়কের কয়েকটি স্পটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাতক্ষীরায় শিবিরের ঝটিকা মিছিল আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শিবির ঝটিকা মিছিল করেছে। সকাল ১০ টার দিকে মিছিলটি বের হয়। সীতাকুন্ডে শিবিরের বিক্ষোভ আমাদের সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুন্ড উপজেলা শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়ায় শিবিরের বিক্ষোভ আমাদের ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলা ও পৌর শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চট্টগ্রামে শিবিরের মিছিল সমাবেশ চট্টগ্রাম অফিস জানায়, কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। তবে কোথায়ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।