মশলার বাজার চড়া

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৪৬
কোরবানির ঈদ উপলক্ষে দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। এরই মধ্যে ‘১০০’ এর ঘরে পৌঁছেছে পিঁয়াজের দাম। আর পিঁয়াজের এই ঝাঁজের সাথে যুক্ত হয়েছে আদা, জিরা ও লবঙ্গর ঝাঁজ। সব মিলিয়ে বর্তমানে রাজধানীর মশলার বাজার রীতিমতো গরম। গতকাল বৃহস্পতিবার কাওরান-বাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে মশলার বাজারের এই চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলেছেন, কোরবানির ঈদে বিভিন্ন মশলার চাহিদা বেড়ে যায়। এরমধ্যে পিঁয়াজ, আদা, জিরা, লবঙ্গ, এলাচ অন্যতম। চাহিদা বাড়ায় তাই দামও কিছুটা বেড়েছে। গতকাল কাওরানবাজারে পাই-কারীতে এক পাল্লা (৫ কেজি) দেশি পিঁয়াজ মানভেদে ৪৭০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হয়। খুচরা বাজারে এই পিঁয়াজ প্রতি কেজি ৯৫ থেকে ১শ’ টাকা দরে বিক্রি হয়। অথচ এক সপ্তাহ আগেও দেশি পিঁয়াজ সর্বোচ্চ ৮৫ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে বাজারে ভারতীয় পিঁয়াজের সরবরাহ বেশ কম। দাম প্রতি কেজি ১শ’ থেকে ১শ’ ২ টাকা। তবে বড় আকারের চায়না পিঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে থেকে ৮০ টাকা কেজি দরে। হঠাত্ করে আবার পিঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে কাওরানবাজারের পাইকারী পিঁয়াজ ব্যবসায়ী লোকমান বলেন, সরবরাহ কম থাকায় গত কিছুদিন ধরেই পিঁয়াজের দাম বেশি। কোরবানির ঈদে পিঁয়াজের চাহিদা আরো বাড়ে। কিন্তু সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম আবার বেড়েছে। এক প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে পিঁয়াজের দাম কমতে শুরু করবে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এ সময় নতুন পিঁয়াজ উঠবে বলে তিনি জানান। এদিকে পিঁয়াজের পাশাপাশি অন্যান্য মশলার বাজারও চড়া। দাম বেড়েছে আদা, লবঙ্গ, জিরার। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি আদা মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা, জিরা ৩৮০ থেকে ৪৫০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪শ’ থেকে ১ হাজার ৬শ’ টাকা দরে বিক্রি হয়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র হিসেবেই এই দাম তুলে ধরা হয়েছে। তবে রসুন, গোলমরিচ, জাইফল, দারুচিনি, জয়ত্রী ও এলাচের দাম স্থিতিশীল রয়েছে। গতকাল বাজারে এলাচ মানভেদে ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকা, রসুন ৭০ থেকে ৮০ টাকা, গোলমরিচ ৮শ’ থেকে ৮শ’ ২০ টাকা, দারুচিনি ২৬০ থেকে ২৮০ টাকা, জয়ত্রী ১ হাজার ৬শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকা, জাইফল ৭২০ থেকে ৭৬০ টাকা, শুকনা মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা, তেজপাতা ১৭০ থেকে ১৮০ টাকা ও হলুদ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।