২৫ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশ!

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৪৭
আগামী ২৫ অক্টোবর দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ ২৫ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে বিএনপিও একইদিনে সমাবেশ করার তোড়জোড় চালাচ্ছে। এ সামবেশ আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠার আশংকা করছেন অনেকেই। বিএনপি আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে যে, ২৪ অক্টোবরের পর থেকে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাবে। আর আওয়ামী লীগ কোনভাবেই সংবিধানের বাইরে গিয়ে কোন অনির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে রাজি নয়। এ পরিস্থিতিতে প্রধান দুই রাজনৈতিক শক্তির সমাবেশের মাধ্যমে মুখোমুখি অবস্থান নেয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসঙ্গে ২৫ অক্টোবর থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২৪ অক্টোবরের পর দেশে কেউ নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি একইদিন ঢাকায় সমাবেশ করার কথা ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত সমাবেশস্থল নির্ধারণ করা হয়নি। দলের মহানগর শাখার সদস্য সচিব আব্দুস সালাম গতকাল জানান, সোহরাওয়ার্দী উদ্যান, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা পল্টন ময়দানে এ সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দেয়া হবে।