ইত্তেফাক ডেস্ক
শেষ দফা লোকসভা ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনের সততা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভার শেষ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।
শেষ দফা নির্বাচনের প্রায় ১২ ঘণ্টা আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুনীল অরোরাকে চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের শাসক দলের প্রভাবের জন্য নির্বাচন প্রক্রিয়ায় একাধিক বে-আইনি, অসাংবিধানিক এবং পক্ষপাতিত্বে ভরা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে রাজ্য সরকার এবং তার আধিকারিকদের তো বটেই, সাধারণ মানুষকেও নানা ভাবে হেনস্তা ও হামলার মুখে পড়তে হয়েছে।
কেবল নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েই ক্ষান্ত হননি মমতা, গত মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। সেইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের শোভাযাত্রার আসল উদ্দেশ্য নিয়েও বিস্ফোরক দাবি করেছেন মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার ওই দিন কেন কলেজস্ট্রিটে ১৪৪ ধারা তুলে দিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। -আনন্দবাজার পত্রিকা
