ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিজ প্রশাসনের সহযোগীদের সঙ্গে বিরোধের কথা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন মার্কিন মিডিয়ায় সম্প্রতি জানানো হয়, ইরান ইস্যুতে সহযোগী বিশেষ করে ইরান বিষয়ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মতবিরোধ সৃষ্টি হয়েছে। তবে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে এই দ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন, আমার লোকজনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন খুবই ভাল কাজ করছেন। যদিও মিডিয়ায় জানানো হয়, ট্রাম্প বিভিন্নজনের কাছে পম্পেও এবং বোল্টনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে আমাদের উস্কানি দিচ্ছেন। এদিকে বেইজিং সফরে যাওয়ার আগে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, কেউ আমরা যুদ্ধে জড়াতে চাই না। আর এই অঞ্চলে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা কেউ ভাবতে পারে না। -রয়টার্স
