বাগেরহাটে ৫ গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:১২
বাগেরহাট-খুলনা সড়কে ভাড়ার মাইক্রোবাসে বসে মারধর করে সন্ত্রাসীরা পাঁচ গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ দশ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাগেরহাট-খুলনা সড়কের বেইলী ব্রীজ থেকে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ পাঁচ ব্যবসায়ী খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাটে গরু কিনতে যাচ্ছিল। ছিনতাইয়ের শিকার পাঁচ ব্যবসায়ী হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলিতাতলা গ্রামের মো. জয়নাল, একই উপজেলার সোনাখালী গ্রামের ইউনুস আলী, বাবুল হাওলাদার, বরগুনার পাথরঘাটা উপজেলার সত্কার বেতমোড় গ্রামের জামাল উদ্দিন এবং বেতমোড় গ্রামের জালাল উদ্দিন। তাদের বরাত দিয়ে ফকিরহাট থানার উপপরিদর্শক মো. মতলেবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিরোজপুর ও বরগুনার পাঁচ গরু ব্যবসায়ী খুলনায় গরু কেনার উদ্দেশ্যে পিরোজপুরের চরখালী ফেরিঘাটে আসে। এ সময় ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা একটি সাদা রং এর মাইক্রোবাসের চালক তাদের বলে, এটি খুলনায় যাবে। তখন তারা জনপ্রতি ১২০ টাকায় ভাড়া চুক্তিতে ওই মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি চরখালী ফেরি পার হবার পর এপারে দাঁড়িয়ে থাকা তিন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে বলে তারা খুলনায় নৌবাহিনীতে চাকরি করেন। তাদের দ্রুত খুলনায় পৌঁছতে হবে। মাইক্রোবাসের চালক তখন তাদের গাড়িতে তুলে নেন। এরপর মাইক্রোবাসটি বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট বেইলী ব্রীজের নিকট পৌঁছানোর পর ওই তিন যুবক ব্যবসায়ীদের কাছে থাকা সব টাকা তাদের দিয়ে দিতে বলে। তারা টাকা দিতে রাজি না হলে যুবকরা তাদের ধারালো অস্ত্রের ভয় দেখায় এবং মারধর শুরু করে। এক পর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু কেনার দশ লাখ টাকা জোর করে নিয়ে নেয়। পরে বৈলতলী এলাকায় ওই ব্যবসায়ীদের জোর করে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি মাওয়ার দিকে চলে যায়।