শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়ের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ছাত্রলীগ দাবি করেছে, শিবির ক্যাডাররা এই হামলা চালিয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, অঞ্জন রায় বাসায় ফেরার পথে সুবিদবাজার সোনারবাংলা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছামাত্র অটোরিক্সার গতিরোধ করে ৫/৬ অজ্ঞাত শিবির ক্যাডার তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহীতে ছাত্রলীগ নেতার
রগকাটার ঘটনায় মামলা
রাজশাহী অফিস জানায়, নগরীর ধরমপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের রগ কাটার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে ৩৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অন্যদের অজ্ঞাত হিসাবে দেখানো হয়েছে। রাবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সেতু গত বুধবার রাত ১২টার দিকে বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন।
