নায়িকা নুসরাতের জয়গান

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:৩১

 ‘মন বলেছে আমার, আজ সঙ্গে যাবে তোর’- গানটি এখন কলকাতার বসিরহাটের ঘরে ঘরে বাজছে।

টালিউডের ‘লাভ এক্সপ্রেস’ চলচ্চিত্রের এই গানে মুখ মিলিয়েছিলেন যিনি, সেই নুসরাত জাহান এবার বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। লোকসভা নির্বাচনের শেষ পর্বে আজ রবিবার ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যে ১৫টি আসনে ভোট হবে, তার একটি বসিরহাট।

এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে্ন বিজেপির সায়ান্ত বসু ও সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত। একে নুসরাত বসিরহাটের মেয়ে, অভিনেত্রী হিসেবে জনপ্রিয়ও, তার ওপর এখানে তৃণমূলের সংগঠনও বেশ শক্তিশালী। সব মিলিয়ে ভোটারদের অনেকের ভাষায়, নুসরাতকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে মমতা এক রকম ‘ছক্কাই’ মেরে দিয়েছেন। বৃহস্পতিবার ভোটের প্রচার শেষ হলেও শনিবার সকালে বসিরহাটের ঘরে ঘরে শোনা গেল নুসরাতের সেই চলচ্চিত্রের গানটি। কলকাতা শহরের উত্তর-পূর্ব দিকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের স্থানীয়রা জানালেন, নির্বাচনী প্রচারের সময় অনেক জায়গায় কর্মী-সমর্থকদের অনুরোধে নুসরাতকে নিজের কণ্ঠে গানটির কয়েকটি কলি গেয়েও শোনাতে হয়েছে। মুসলিম পরিবারের মেয়ে নুসরাত রাজনীতিতে একেবারেই আনকোড়া হলেও জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাকে প্রার্থী করেছেন মমতা। এই আসনে ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী ছিলেন ইদ্রিস আলী, লোকসভার সদস্যও হয়েছিলেন তিনি।

বাংলাদেশেও নুসরাতের জনপ্রিয়তা রয়েছে। রাজীব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ ছবিতে নুসরাত বাংলাদেশের শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল।

নুসরাতকে নিয়ে প্রশংসার শেষ নেই। বসিরহাটের গ্রামের গৃহবধূ থেকে শুরু করে খোদ মমতাই প্রশংসায় পঞ্চমুখ তার।

মমতা নিজেই বসিরহাটের হাসনাবাদে এক নির্বাচনীয় সভায় নুসরাতকে পাশে রেখে বলেছেন, “নুসরাত সুন্দর, তাকে ভোট দেবেন।”