গোপালগঞ্জের কোটালীপাড়ায় রুলার এমপ্লয়মেন্ট এ্যান্ড রোড মেন্টেনেন্স প্রোগ্রামে (আরইআরএমপি) লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, এ প্রকল্পে স্বামী পরিত্যক্তা, বিধবা, দুস্থ, ভূমিহীন মহিলাদের নিয়োগ দেয়ার বিধান রয়েছে। কিন্তু কোটালীপাড়া উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়ম বহির্ভূতভাবে অনেক ইউনিয়নে ছাত্রী ও অবিবাহিত মহিলাদের নিয়োগ দিয়েছেন। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে ১২টি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় ১২০ জন মহিলাকে নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, ঘাঘর ইউনিয়নে কুলছুম নামে এক ছাত্রীকে নিয়োগ দেয়া হয়েছে। শুয়াগ্রাম ইউনিয়নে শিল্পী বাড়ৈ নামে অবিবাহিত এক মহিলাকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া রাধাগঞ্জ ইউনিয়নে দেবী সাহা নামে এক মহিলাকে নিয়ম বহির্ভূতভাবে স্বামী পরিত্যক্তা দেখিয়ে নিয়োগ দেয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলার প্রকৌশলী খান এ শামীম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দপ্তরে লটারীর মাধ্যমে নিয়োগ কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়নি।
