চড়ারহাট বদ্ধভূমিতে গণহত্যা দিবস পালন

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪২
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাধীন চড়ারহাট বদ্ধভূমিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ অক্টোবর গণহত্যা দিবস পালন করা হয়েছে। সেক্টর কমাণ্ডার ফোরাম দিনাজপুর, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকালে বদ্ধভূমির স্মৃতি মিনারে পুষ্পস্তবক ও নিরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মৃতি মিনারের পাদদেশে বদ্ধভূমি কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক। বক্তব্য রাখেন, সেক্টর কমাণ্ডার্স ফোরামের দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইন উদ্দিন চিশতী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম, মুক্তিযোদ্ধা হাসান আলী, আবুল কালাম আজাদ, শহীদ পরিবারের শফিকুল ইসলাম মাস্টার, প্রভাষক এমদাদুল হক, আঃ কাফী প্রমুখ। পরে গণকবর স্থানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।