আজ কুমারী পূজা

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:১৪
গতকাল মহাসপ্তমীবিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো পূজা। আর মাত্র দু’টি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। কাল মণ্ডপগুলোতে ভিড় ছিল বেশি। সন্ধ্যার পর আলোকের রোশনাইয়ে জেগে ওঠে মণ্ডপগুলো। পুরনো ঢাকার মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। আজ শনিবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। কুমারী পূজা কেন করে? শ্রীরামকৃষ্ণের কথামৃততে বলা আছেঃ ‘শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হবে কুমারীকে। দুর্গোত্সবে গতকাল শুক্রবার ছিল মহাসপ্তমী। পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল। গতকাল থেকেই মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজারসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ বলেন, আজ সকালে কুমারী পূজার আয়োজন করেছি।