প্রধানমন্ত্রী আজ বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন করবেন

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে বহুল আলোচিত বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন করবেন। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আয়োজিত এক সুধী সমাবেশে একই সঙ্গে তাঁর আরো দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া তিনি মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০১০ সালের দুই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিজস্ব অর্থায়নে নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দক্ষিণ চট্টগ্রামের একাংশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বহদ্দারহাট মোড় নগরীর সবচেয়ে যানজট প্রবণ এলাকা হিসেবে পরিচিত। ফ্লাইওভারটি নির্মাণের ফলে বিশেষ করে কক্সবাজার, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২৫টি সড়কের যানবাহন চট্টগ্রাম শহরে সহজে যাতায়াত করতে পারবে। একই সঙ্গে কাপ্তাই, কালুরঘাট, রাউজানসহ তত্সংলগ্ন এলাকার যানবাহন নগরীতে প্রবেশ করার ক্ষেত্রে বহদ্দারহাট মোড়ের যানজট থেকে রেহাই পাবে।