বিএনপি আমলের প্রকল্পগুলো সরকার হাইজ্যাক করছে

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:২০
কুড়িল, যাত্রাবাড়ী ও মগবাজার ফ্লাইওভার প্রকল্প নিজেদের সরকারের দাবি করে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, বিগত সরকারের প্রতিটি কাজ, প্রতিটি প্রকল্প এই সরকার হাইজ্যাক করেছে। হাইজ্যাক করা প্রকল্প উদ্বোধন করলেই সেটা নিজেদের হয়ে যায় না। গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসমাপ্ত প্রকল্প উদ্বোধন করেছেন। প্রকল্পটির ৩০ ভাগ কাজ এখনও বাকি। আমরা দেখছি, শেখ হাসিনার মধ্যে উদ্বোধন আর ভিত্তিস্থাপন রোগ দেখা দিয়েছে। একটি অসমাপ্ত কাজ উদ্বোধন করাটা কতটা সমচীন? এটা কী কোন দায়িত্বশীল সরকারের কাজ। খোকা বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারটির প্রকল্প বিএনপি সরকার গ্রহণ করেছিলো। আমাদের সরকার এই প্রকল্পের ৪০ ভাগ সমাপ্ত করেছিলো। আমাদের নেত্রী ২০০৬ সালের জুন মাসের ৪ তারিখ প্রকল্পটি ভিত্তিস্থাপন করেছেন কিন্তু দু:খজনক হলেও সত্য বর্তমান সরকার সেই ভিত্তিস্থাপনের ফলক পর্যন্ত ভেঙ্গে ফেলেছে। তিনি বলেন, শুধু এই প্রকল্পটি নয় সমপ্রতি হাতিরঝিল প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে। সরকার দাবি করেছে এটা তারা করেছে। আপনাদের কাছে তথ্য দিতে চাই ২০০৪ সালে বুয়েটের অধ্যাপক মজিবুর রহমান প্রকল্পটির নকশা করেন। আমরা প্রকল্পটি গ্রহণ করি। বর্তমান সরকার রুটিন-ওয়ার্ক হিসেবে প্রকল্পটি শেষ করে। কুড়িল, মগবাজার ফ্লাইওভার ও মুগদা হাসপাতাল প্রকল্প বিএনপি সরকারের দাবি করে খোকা বলেন, বিগত সরকারের প্রতিটি কাজ এই সরকার হাইজ্যাক করেছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।