খালেদা জিয়ার বরিশালের সমাবেশ স্থগিত

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:২২
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরিশালের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ওই সমাবেশ হওয়ার কথা ছিল। নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে গতি সঞ্চার করতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে খালেদা জিয়ার সফরের অংশ হিসেবে ২২ অক্টোবর বরিশালে জনসভার কর্মসূচি নেয়া হয়। বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সারোয়ার জানান, কেন্দ্রের নির্দেশেই এই জনসভা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের ঢাকার মহাসমাবেশ ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচির কারণেই এই জনসভা স্থগিত করা হয়েছে।