রাজধানীতে অস্ত্রের মুখে স্ত্রীকে আটকে স্বামীকে গুলি

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:২৩
রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে অস্ত্রেরমুখে স্ত্রীকে আটকে রেখে স্বামীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ৮/১৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তরা বাসা থেকে কিছু নেয়নি। আহত ব্যক্তি আবদুল্লাহ মামুন সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের পরিচালক। তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী শাহপার মাহবুব একজন চিকিত্সক। বাসা থেকে কোনো মালামাল খোয়া না যাওয়ায় পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। গতকাল সন্ধ্যা পর্যন্ত হামলার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিতও করা যায়নি। স্ত্রী শাহপার মাহবুবের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ঐ দম্পতি বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে আত্মীয়র বাসা থেকে ফিরে গাড়ি থেকে নেমে নিজেদের একতলার ফ্ল্যাটে উঠছিলেন। চালক গাড়ি গ্যারেজে রেখে চলে যাওয়ার পর অস্ত্র নিয়ে তিনজন যুবক বাসার ভেতরে প্রবেশ করে। অস্ত্রধারী যুবকদের একজন অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ফ্ল্যাটে আটকে রাখে। এরপর দুর্বৃত্তরা আবদুল্লাহ মামুনকে মারধর করে। এক পর্যায়ে তার বাম পায়ে এক রাউন্ড গুলি করে ও বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিত্কারে বাড়ির বিভিন্ন তলার ভাড়াটেরা টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিত্কার দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, গভীর রাতে এ ঘটনা হলেও দুপুর পর্যন্ত বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। আহত ব্যক্তি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ায় পুলিশও ঘটনাটি জানতে পারেনি। তবে দুপুরের পর বিষয়টি অবহিত হয়ে ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ওসি জানান, এই দম্পত্তি দুর্বৃত্তদের চিনতে পারেননি। তবে তাদের কাছ থেকে ধারণা নিয়ে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।