কুবিতে নিয়োগ-পদোন্নতি

হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিল চেম্বার জজ আদালত

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ এবং পদোন্নতির উপর হাইকোর্টের দেয়া স্থগিত আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের চেম্বার জজ আদালত। গত বৃহস্পতিবার বিচারপতি মো. মাহমুদ হাসানের আদালত এই আদেশ দেন। সম্প্রতি অনিয়মের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি মাসুদা কামালের দায়ের করা রিটের ভিত্তিতে সকল নিয়োগ কার্যক্রম এবং পদোন্নতি স্থগিত করে হাইকোর্ট। এছাড়া নিয়োগ কার্যক্রম কেন অবৈধ হবে না এই মর্মে চার সপ্তাহের মধ্যে উপচার্যকে কারণ দর্শানোর নির্দেশও দেয়া হয়। গত অক্টোবর বিচারপতি নাইমা হায়দার এবং জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের চেম্বার জজ আদালতে আবেদন করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, আমরা হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে চেম্বার জজ আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করেন।