টেক জায়ান্ট অ্যাপল আর স্যামসাংয়ের মধ্যে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরেই। একে অপরের বিরুদ্ধে প্যাটেন্ট নিয়ে একের পর এক মামলা চালিয়েই যাচ্ছে। বিভিন্ন দেশে পরিচালিত এসব মামলার কোনোটিতে জয়লাভ করেছে অ্যাপল, কোনোটিতে স্যামসাং। সর্বশেষ যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলায় জয়লাভ করেছে অ্যাপল। এই মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে দুইটি প্যাটেন্ট ভঙ্গের অভিযোগ আনে অ্যাপল। ফলে মামলায় অ্যাপল জিতে যাওয়ায় এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা স্যামসাং পণ্যগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে। মামলার ফলাফল আগেই প্রকাশিত হলেও এর বিরুদ্ধে আপিল করেছিল স্যামসাং। সেই আপিল খারিজ করে দেওয়ার ফলেই স্যামসাংয়ের পণ্যে নিষেধাজ্ঞার খড়গ পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন সূত্রে জানা গেছে, টাচস্ক্রিন এবং অডিও জ্যাক সংক্রান্ত প্যাটেন্ট নিয়ে চলছিল এই মামলা। এই দুই প্রযুক্তি স্যামসাংয়ের কিছু ট্যাবলেট পিসিতে ব্যবহূত হয়েছে। তবে স্যামসাংয়ের কোন কোন পণ্যের উপর এই নিষেধাজ্ঞা আসতে পারে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
