দিল্লি সরকারের সিদ্ধান্তের কারণে এবার বিজয়া দশমীতে সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদীতে দুই বাংলার মানুষ নিজেদের সীমানার মধ্যে থেকে আলাদা আলাদাভাবে তাদের প্রতিমা বিসর্জন দেবেন। ভারত সরকারের নির্দেশে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে শত বছরের ঐতিহ্যবাহী দু’বাংলার মিলনমেলায় পরিণত হতে পারবে না সীমান্তের ইছামতির দেবহাটার টাউনশ্রীপুর ও ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার টাকী এলাকা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে দু’বাংলার সাধারণ মানুষের মধ্যে। নিজ নিজ সীমান্তেই প্রতিমা বিসর্জন দেয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানটি। ফলে প্রতিমা বিসর্জনকে ঘিরে সীমান্তের ইছামতি নদীতে বসা দু’বাংলার মানুষের মিলন মেলা অনুষ্ঠানের শতবছরের ঐতিহ্য ভেঙ্গে পড়েছে। সীমান্ত পেরিয়ে যেতে না পারলেও নিজেদের সীমানায় থেকে একে অপরের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করবে দুই বাংলার মানুষ।
বিজয়া দশমীতে সাতক্ষীরার দেবহাটায় সীমান্ত নদী ইছামতিতে দু’বাংলার মিলনমেলায় বাদ সেধেছে খোদ ভারত সরকার। গত বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বিএসএফ জানিয়ে দিয়েছে কোনভাবেই আন্তর্জাতিক সীমারেখা পার হয়ে দু’দেশের লোক যাতায়াত করতে পারবেন না। এ আদেশ অমান্য করে কেউ সীমারেখা অতিক্রম করলে তাকে গ্রেফতার করা হবে।
