বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে গত শুক্রবার রাতে প্রত্যাশিত জয় নিয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ড। ওয়েইন রুনি, ড্যানিয়েল স্টারিজদের লক্ষ্যভেদে মন্টেনেগ্রোকে ৪-১ গোলে হারিয়ে ব্রাজিলের পথে আরেকধাপ এগিয়ে গেছে ইংল্যান্ডও। তবে তুলনামূলক বিচারে দুর্বল বেলারুশের বিপক্ষে জিততে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করা জার্মানি শনিবার রাতে কোলনে ৩-০ গোলে পরাজিত করে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে। ম্যাচের ১২ মিনিটে স্যামি খেদিরার গোলে এগিয়ে যাওয়া জার্মানদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে আন্দ্রে স্কুরেলের পা থেকে। এরপর আর্সেনাল সুপারস্টার মেসুত ওজিলের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জোয়াকিম লোয়ের দল। বাছাইপর্বের নয় ম্যাচে অষ্টম জয়ের ফলে সি গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়েই চূড়ান্তপর্ব নিশ্চিত করলো জার্মানি।
এভারটন তারকা রোমেলু লুকাকুর প্রথমার্ধের দুই গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে এ গ্রুপে শীর্ষস্থান নিয়ে ব্রাজিলের টিকেট নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা ত্রয়োদশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার পাশাপাশি ই গ্রুপের শীর্ষস্থান নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
এদিকে বেলারুশের বিরুদ্ধে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও স্পেনের পারফরম্যান্স এদিন মোটেই বিশ্বচ্যাম্পিয়নদের মতো ছিল না। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জাভি হার্নান্দেস আর আলভারো নেগ্রেডোর দুই গোলে স্পেন এগিয়ে গেলেও ম্যাচের শেষ মুহূর্তে এক গোল শোধ দিয়ে তাদের ভয়ই পাইয়ে দিয়েছিল সফরকারিরা।
এ জয়ের পর ব্রাজিলের টিকেট কাটতে শেষ ম্যাচে জর্জিয়ার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট প্রয়োজন স্পেনের।
তবে এগুলোর কোন কিছুই মন ভরাতে পারছে না কোচ ডেল বস্কের। খেলোয়াড়দের পারফরম্যান্সে অসন্তুষ্ট এই স্প্যানিশ ম্যাচ শেষে সরাসরিই বললেন জানিয়ে দিলেন সে কথা, ‘এটা সত্যি যে এই ম্যাচটি ছিল আমাদের সামপ্রতিক অন্য কয়েকটি ম্যাচের মতোই। ফিনল্যান্ড (গত সেপ্টেম্বর), জর্জিয়া (গত বছর) এবং এখন বেলারুশের বিরুদ্ধে ম্যাচগুলোয় আমাদের পারফরম্যান্স ছিল প্রায় একই রকম। এটা স্বীকার করতেই হবে আজকের ম্যাচেও আমাদের ধুঁকতে হয়েছে। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর্যন্ত আমরা গোলের দেখা পাইনি। তবে গোলের পর আমরা সেই গতিটা ধরে রাখতে পেরেছি।’
এদিকে এই ম্যাচে দলের নিয়মিত গোলরক্ষক এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বদলে মাঠে নামানো হয় ভিক্টর ভালদেসকে। রিয়াল মাদ্রিদের পর এবার জাতীয় দলেও ক্যাসিয়াস ব্রাত্য হয়ে পড়লেন কিনা সাবেক রিয়াল কোচ বস্ক উত্তর দিয়েছেন সে প্রশ্নেরও, ‘আমি আগেও বলেছি যে (দল নির্বাচনের ক্ষেত্রে) আমরা কেবল সাধারণ যুক্তি বুদ্ধিই ব্যবহার করছি। ক্যাসিয়াস (গত সেপ্টেম্বরে) গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে ইনজুরিতে পড়ে এবং তার পর গত পাঁচ সপ্তাহে সে কেবল একটি ম্যাচ খেলেছে। সুতরাং আমরা ভেবেছি এক্ষেত্রে ভিক্টরকে খেলানোই যুক্তিযুক্ত হবে।’
এদিকে রাতের অন্যান্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইউরোপের অন্যতম দুই পরাশক্তি ইতালি এবং পর্তুগালকে। আলবার্তো অ্যাকুইলিনির অতিরিক্ত সময়ের গোলে কোপেনহেগেনে আজ্জুরিরা ২-২ গোলে ড্র করেছে ডেনমার্কের বিরুদ্ধে। ফলে বি গ্রুপের শীর্ষস্থান ধরে রাখলো তারা। অন্যদিকে এই গ্রুপের অন্য দুটি ম্যাচে আর্মেনিয়া বুলগেরিয়াকে এবং চেক প্রজাতন্ত্র মাল্টাকে পরাজিত করে। এ দুই দলের কোনটি প্লে অফে জায়গা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। এদিকে এফ গ্রুপে পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে ইসরাইল।
