সেঞ্চুরি চান আফ্রিদি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৬
শহিদ আফ্রিদি ব্যাট করতে নামেন সাত নম্বরে। তারপরও সেঞ্চুরি করার ক্ষুধাটা জমিয়ে রেখেছেন মনের এক কোণে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে দ্রুত; মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে ফেলা আফ্রিদি অবশ্য এই আশাটা তাই করতেই পারেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো সেঞ্চুরি নেই এই হার্ডহিটারের। আর আগামী কালই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজটির পরে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দলদুটি। আর এই সফর সূচিতেই আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিটি করে ফেলতে চান আফ্রিদি। আর এই বাসনার পেছনে তাকে মনোবল যোগাচ্ছে সামপ্রতিক পারফর্ম্যান্স, ‘সাত নম্বরে ব্যাট করতে নেমে এ বছরের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৮ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৬ রান করেছিলাম এবং এখন নির্বাচকরা একটা সুযোগ দিলে প্রোটিয়াসদের বিরুদ্ধে আসন্ন সিরিজে আমি একটি রেকর্ড সেঞ্চুরি করতে চাই।’ ব্যাটিং অর্ডারে আরো ওপরের দিকে ব্যাটিং করতে চান কিনা- প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘এটা আমার জন্য কোন ইস্যু নয়। এটা অধিনায়ক ও কোচের সিদ্ধান্তের বিষয়। আমার প্রথম লক্ষ্য দলের জন্য পারফর্ম করা, বিশেষ করে কঠিন অবস্থার মধ্যে।’ শক্তির বিচারে আফ্রিকার থেকে পিছিয়ে থাকলেও পাকিস্তান জয় পাবে বলে মনে করেন এই ‘খুনে ব্যাটসম্যান’।