গায়ানা জানিয়েছে, ভেনিজুয়েলা তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে এবং যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করেছে। দেশটির সরকার জানিয়েছে, এর মাধ্যমে ভেনিজুয়েলা এ অঞ্চলের জনগণের জন্য বিরাট বিপদের সৃষ্টি করেছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওই জাহাজটি গায়ানা-ভেনেজুয়েলার বিতর্কিত জলসীমা এসিকুইবোতে তেল অনুসন্ধানে জরিপ চালানোর সময় এ ঘটনা ঘটে। ভেনেজুয়েলা দাবি করেছে, জাহাজটি ভেনেজুয়েলার জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছিল। টেকনিক পেরদানা নামের ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক কোম্পানি অ্যানাডার্কো পেট্রোলিয়াম কর্পোরেশনের জরিপ জাহাজ। ঘটনার দিন ভেনেজুয়েলা নৌবাহিনীর একটি জাহাজ এসে টেকনিক পেরদানাকে জোরপূর্বক ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে নিয়ে যায়। জাহাজটি ওই সময় সমুদ্র তলদেশে খনিজ তেল অনুসন্ধানে জরিপ চালাচ্ছিল। ধরে নিয়ে যাওয়ার সময় জাহাজটিতে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচজন নাগরিক ছিল বলে জানিয়েছে অ্যানাডার্কো পেট্রোলিয়াম।
