২৪ অক্টোবরের পর সন্ত্রাস করলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩৬
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ২৪ অক্টোবরের পর বিএনপি যদি আন্দোলনের নামে দেশে সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে জনগণই তা প্রতিরোধ করবে। তখন তাদের কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিএনপি-জামায়াত-হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, যথাসময়ে আগামী নির্বাচন হবে। দেশের অধিকাংশ মানুষের মতো আওয়ামী লীগও চায়, সংবিধান মেনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ না নেয়, তবে দলটির অস্তিত্ব সঙ্কটে পড়বে। এ সময় তিনি বিএনপি-জামায়াত-হেফাজতকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করে সকলকে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল সংলাপ নয়, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তবে খালি কলস যে বাজে বেশি তা সবার জানা আছে। বিএনপি ২৪ অক্টোবর নিয়ে হুমকি-ধামকি দিয়ে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। তবে আওয়ামী লীগ গর্তে ঢুকে যায়নি, আওয়ামী লীগ রাজপথে আছে, ২৪ অক্টোবরের পরও থাকবে। সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এম আব্দুল কাদের খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।