রাজধানীর মিরপুরে গতকাল শনিবার দিনে দুপুরে একটি মাইক্রোবাস ছিনতাই হয়েছে। বেলা ৩টার দিকে কাজীপাড়া ওভারব্রীজের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটির মালিক জেনিথ প্যাকেজেসের পক্ষে নির্বাহী কর্মকর্তা আমীর হোসেন বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেছেন।
জেনিথ প্যাকেজের প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা আমীর হোসেন জানান, জেনিথ প্যাকেজেসের ব্যবহূত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-৫৩-৬১৩৪) তার ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম সাইফুল গতকাল দুপুরে অফিসের কাজে মিরপুর নিয়ে যাচ্ছিলেন। কাজীপাড়া ওভারব্রীজের কাছাকাছি সামান্য যানজটের মধ্যে ৩ টি মোটরসাইকেলে ৮/৯ জন ব্যক্তি গাড়ির গতিরোধ করে। সহযোগীদের মধ্যে ঐ গাড়ির সাবেক চালক মনির চৌধুরী ছিলেন। তারা সকলেই ছিনতাইকারী বলে চিত্কার করে। এক পর্যায়ে আশপাশের লোকজনদের জানায় যে, গাড়িটি ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। এ সময় সাবেক চালক মনির চৌধুরী কৌশলে গাড়ির ভিতরে প্রবেশ করে চালক রফিক এবং পরিচালকের ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলামকে মনিরসহ ছিনতাইকারীরা মারধর করে নামিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি জানতে চাইলে ছিনতাইকারীরা উল্টো রফিকুল ইসলামকে গাড়ি ছিনতাইকারী হিসাবে চিহ্নিত করে। এক পর্যায়ে গাড়ির সাবেক চালক মনির চৌধুরী গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। অন্যরা ঐ ৩ মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে।
