ঘূর্ণিঝড় পাইলিনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরে ৩নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রামস্থ ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির উপ-পরিচালক রুহুল আমিন জানান, উপকূলে স্বাভাবিকের চেয়ে ১ থেকে দেড় ফুট উঁচু জোয়ার হতে পারে। বাংলাদেশে দমকা হাওয়া, বৃষ্টিপাত হতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ নিলুফার জাহান জানান, শনিবার বিকালে পাইলিন উড়িষ্যা উপকূল অতিক্রম করছিলো। এর প্রভাবে ঢাকা-খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাস ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রামের উপর দিয়ে হালকা বৃষ্টিসহ দমকা বাতাস বয়ে যায়। আকাশ হঠাত্ মেঘাচ্ছন্ন হয়ে যায়।
মংলা সংবাদদাতা জানান, পাইলিনের প্রভাবে গতকাল শনিবার মংলাসহ সুন্দরবন সংলগ্ন এলাকায় দিনভর থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে কোন বাতাস প্রবাহিত হয়নি। বন্দরে অবস্থানরত সকল জাহাজ ও নৌযান নিরাপদে ছিল। সুন্দরবনের অভ্যন্তরের মাছ ধরার নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয়ে থাকে। এ ছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
