ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম আজ রবিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার নীলকমল পর্যন্ত ৬০ কিলোমিটার পদ্মা, মেঘনা নদীতে কোন ধরনের জাল দিয়ে সকল প্রকার মাছ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে প্রথমবারের মত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিবার আইন ভঙ্গের জন্য ২ মাস হতে ১ বছর সশ্রম কারাদণ্ডসহ সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, মা মাছ রক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মত্স্য বিভাগ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণকে নিয়ে গঠিত জেলা ও উপজেলা টাস্কফোর্স ১১ দিন বিরামহীন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ভোলা (উত্তর) প্রতিনিধি জানান, ভোলায় প্রজনন মৌসুম শুরুর আগেই ইলিশ শিকার বন্ধ করে দিয়েছে চরফ্যাশন ও মনপুরার জেলেরা। প্রায় এক লাখ জেলে এই সিদ্ধান্ত নিয়েছে।
