৫০ শতাংশ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হলে পরিণতি হবে ভয়াবহ :মির্জা ফখরুল

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:৪০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫০ শতাংশের বেশি ভোটার বাইরে রেখে নির্বাচন হলে পরিণতি হবে ভয়াবহ। দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তাই বিএনপির মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে সরকার একতরফা নির্বাচনের সাহস দেখালে পরিণতি ভালো হবে না। ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শনিবার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৪টিতে ভোটের বাক্স নিয়ে যাওয়া যাবে না। আর ২০টি জেলায় ভোটের বাক্স নিতে পারলেও দিন শেষে তা ফিরিয়ে আনা যাবে না। আর ২০টি জেলায় গায়ের জোরে ১০ ভাগ ভোট কাস্ট করতে পারবে। একথা বুঝতে পেরেই সরকার একতরফা নির্বাচন করতে চাচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সমঝোতার সকল পথ রুদ্ধ করে দিয়েছেন। এ অবস্থায় রাজপথে আন্দোলন ছাড়া বিএনপির আর কোন পথ খোলা নেই। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তাই আন্দোলনের কোন বিকল্প নেই। এরকম পরিস্থিতিতে তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় নেতা জেড মতুর্জা তুলা, মোতাহার হোসেন, আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।