নাচ-গানে উত্সবমুখর পরিবেশে পালিত হলো সমতলের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উত্সব। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের সহযোগিতায় আদিবাসী গ্রাম পরিষদের উদ্যোগে গত শুক্রবার ঐতিহাসিক পাহাড়পুরে এ সহরাই উত্সব পালিত হয়। সহরাই ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উরাও ও পাহান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উত্সব। দলবেঁধে নাচ-গান করে তারা সহরাই উত্সব পালন করেন। নাচ-গান শেষে এ উত্সব উপলক্ষে আলোচনা সভা ও অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আদিবাসী গ্রাম পরিষদের সভাপতি হরিপদ লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান কিশোর, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সামাজিক সংগঠনের নেতা লক্ষণ টপ্য, পনোয়া কুজুর, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, প্রকল্প সুপারভাইজার স্বপন টপ্য প্রমুখ।
