সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র শাহাদাত হোসেন ইমন (২৪) এর গুলিবিদ্ধ লাশ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ইমন নগরীর আম্বরখানা দত্তপাড়ার ৩৩নং বাসার নীচতলায় থাকতো। গত শুক্রবার মধ্যরাতে পুলিশ ওই বাসা থেকে ইমনের লাশ উদ্ধার করে এবং লাশের পাশে একটি এলজি পাওয়া যায়। ইমনের গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে। তার বাবা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন।
পুলিশ জানায়, গত জানুয়ারি থেকে ইমন দত্তপাড়ার ৩৩নং বাসার নীচতলায় কাওসার আলম নামের আরেক যুবককে নিয়ে মেস করে থাকত। শুক্রবার জুমার নামাজে বের হয়ে কাওসার আর মেসে ফেরেনি। রাত সাড়ে ১০টার দিকে পাশের বাসার এক ব্যক্তি ইমনকে ডাকতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে তিনি বিষয়টি বাসার মালিকসহ আশপাশের লোকজনকে জানান।
খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ইমনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ইমনের পেটের ডান পাশে গুলিবিদ্ধ ছিল। রুমের ভেতর একটি এলজি পাওয়া গেছে। রুমের সকল দরজা-জানালা বন্ধ থাকলেও থাই গ্ল¬াসের তৈরি একটি ভেন্টিলেটর খোলা ছিল। পুলিশ জানায়, ইমন নিজে গুলি করে আত্মহত্যা করেছে না কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
