প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ঈদ কার্ডের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রবিবার বেলা একটার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা আখতার হোসেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামানের কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের নেতার কার্যালয়ে তিনি এই কার্ড পৌঁছে দেন। এর আধাঘণ্টা পরে বেলা দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ঈদের কার্ড পৌঁছে দেন।
উল্লেখ্য, নির্বাচনকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে পারস্পরিক মতপার্থক্য কিংবা বিরোধ থাকলেও গত কয়েক বছর ধরে দেশের দুই শীর্ষ নেত্রী ঈদে এবং বাংলা ও ইংরেজি নতুন বছরে কার্ড পাঠানোর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে আসছেন।
