সাভার ও আশুলিয়ায় দুই জনের লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৪
সাভার ও আশুলিয়া থেকে গতকাল রবিবার পৃথক ঘটনায় দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতের কোন এক সময় তাদেরকে শ্বাসরোধ করে এবং পিটিয়ে হত্যা করা হয়। সাভারের জোড়পুল এলাকার লালন সিএনজি পাম্পের বিপরীতে রাস্তার পাশ থেকে সকালে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩২) মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ এই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুর থেকে সাভারগামী তিতাস পরিবহনের একটি বাসের চালক সূতি চন্দ্র দাসের (৫৫) সাথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় কয়েক যাত্রীর বাক-বিতণ্ডা হয়। যাত্রীবাহী বাসটি সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে অন্য যাত্রীরা নেমে গেলেও কয়েকজন যাত্রী বাসেই থাকেন। পরে ওই যাত্রীরা আরো কয়েকজনকে ডেকে এনে বাস চালক সূতি চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ আশুলিয়ার শিমুলতলা থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।