সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে :আইজিপি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৫
পুলিশ প্রধান (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বিগত যে কোন সময়ের তুলনায় এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। গতকাল রবিবার দুপুরে রাজধানীর গাবতলী ও কাকলী পশুরহাট পরির্দশনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যরা চাঁদাবাজি প্রতিরোধসহ সুুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নিষ্ঠা নিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চাঁদাবাজি করার কোনো খবর পাওয়া যায়নি। যদি কোনো অভিযোগ পাওয়া যায় তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী বা অন্যকারো চাঁদাবাজি বা অন্যকোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। পুলিশ প্রধান বলেন, এ বছর মুসলমান ও হিন্দু ধর্মাবলম্বীদের দুইটি প্রধান ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা এবং শারদীয় দুর্গাপূজা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হচ্ছে। মানুষ যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদে আনন্দ ও উত্সবমুখর পরিবেশে ঈদ এবং পূজা উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুরহাট পরিদর্শনকালে আইজিপি ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। ব্যবসায়ীরা পশুর হাটে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। এসময় আইজিপির সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। অপর দিকে শনিবার রাতে আইজিপি বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকার কারণে গত বছরের তুলনায় এ বছর পূজামণ্ডপের সংখ্যা অনেক বেড়েছে।