দেশে ১১ দিন ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৬
দেশব্যাপী গতকাল রবিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো:আব্দুল লতিফ বিশ্বাস গতকাল মত্স্যভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রায় সারাবছর ইলিশ মাছ ধরা হলেও সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। এ সময়ে ৮০ শতাংশ মাছ পূর্ণমাত্রায় পরিণত হয় এবং আশ্বিন মাসের উদিত চাঁদের পূর্ণিমার সময় সবচেয়ে বেশি সংখ্যক ইলিশ ডিম ছাড়ে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ আইন অনুযায়ী এর প্রধান প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২৫ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ ছিল। পরে আইনটি সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে তা সংশোধন করে এ বছর ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এলাকাসহ দেশব্যাপী ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লতিফ বিশ্বাস আরও জানান, এ কার্যক্রমের অংশ হিসাবে এ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচার, পোস্টার-লিফলেট মুদ্রণ ও বিতরণ, জেলা সদর ও সকল উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজার, মত্স্য আড়ত্, মাছঘাট ও জনাকীর্ণ স্থানে মাইকিং ও ঢোল, সভা, সমাবেশ আয়োজনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মত্স্যজীবীদের সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।