পিঁয়াজের দাম কমছে না। বাজার ভেদে কেজি প্রতি একশ টাকার উপরে বিক্রি হচ্ছে পিঁয়াজ। বেড়েছে চিনি ও আদার দাম। গতকাল অমদানি করা পিঁয়াজের দাম খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা থাকলেও দেশি পিঁয়াজ ৯০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রয় হয়েছে। অন্যদিকে আদার দাম খুচরা পর্যায়ে গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকা থাকলেও এ সপ্তাহে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকায় পৌঁছেছে। প্রায় মাস তিনেক ধরে দফায় দফায় দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় পিঁয়াজের বাজারে চলছে অস্থিরতা। এক্ষেত্রে টিসিবি‘র সামান্য উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে কাজে আসছে না। রাজধানীর বিভিন্ন বাজারে পিঁয়াজের ব্যবসায়ীরা জানান, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে ভারতের কয়েকটি প্রদেশে পিঁয়াজের উত্পাদন ও সংরক্ষণ ব্যাহত হয়েছে। দেশের বাজারে নতুন পিঁয়াজ না ওঠা পর্যন্ত দামে অস্থিরতা থাকতে পারে বলে জানান ব্যবসায়ীরা। তবে বাজার ভেদে পিঁয়াজের দাম উঠা-নামা করছে। শ্যামবাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই মোকামে মণপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়ে যাচ্ছে। কখনো হয়তো দাম থমকে থাকে কিন্তু কমে না। তবে সরকার আমদানি বাড়ালেই কেবল অনিশ্চয়তা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে টিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি কেজি ৫৫ টাকা দরে ট্রাকে করে জনপ্রতি দুই কেজি করে পিঁয়াজ বিক্রি চলছে। গত ১০ অক্টোবর থেকে রাজধানীতে ৩০টি ট্রাকে করে খোলাবাজারে অন্য পণ্যের সাথে পিঁয়াজও সরবরাহের ব্যবস্থা করেছে টিসিবি। তবে ট্রাক না পাওয়ার কারণে ১৪ অক্টোবর থেকে খোলা বাজারে পেঁয়াজ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
